আজ শনিবার (১৩ জুলাই) রাত ৯টায় শেষ হচ্ছে ৩ দিনব্যাপী ল্যাপটপ মেলা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গত বৃহস্পতিবার শুরু হয় এ মেলা।
উন্নত প্রযুক্তি, দ্রুতগতি আর দীর্ঘ ব্যাটারি ব্যাকাপের দৃষ্টিনন্দন সব ল্যাপটপের পসরা নিয়ে মেলা প্রাঙ্গনে হাজির হয়েছে বিশ্বখ্যাত ব্যান্ডগুলো। তিন দিনের এ মেলায় পাওয়া যাচ্ছে সবশেষ প্রযুক্তির ল্যাপটপও। মেলায় কেনাকাটায় পাওয়া যাচ্ছে বিশেষ ছাড় ও উপহার।
দ্রুতগতির প্রসেসর, বেশি তথ্য ধরে রাখার মত মেমোরি, উন্নত গ্রাফিক্স কার্ডের সমন্বয়ে তৈরি বিশ্বের সবশেষ প্রযুক্তির ল্যাপটপের দেখা মিলেছে মেলার প্যাভিলিয়ন ও স্টলগুলোতে।
শুক্রবার সকালের দিকে বৃষ্টি বাধা থাকলেও সন্ধ্যা নাগাদ মেলায় ভিড় বাড়ার পাশাপাশি বেচা বিক্রিও বেশ হয়েছে বালে জানিয়েছেন টেক রিপাবলিক ব্যবস্থাপনা পরিচালক এইচ এম ফয়েজ মোরশেদ।
শনিবার (১৩ জুলাই) সকালে মেলা থেকে ২৩ হাজার টাকায় এইচপি ল্যাপটপ কিনে ২০ হাজার টাকা ক্যাশ ব্যাক পেয়েছেন এক ক্রেতার। স্টারটেক থেকে এই ল্যাপটপটি বিক্রি হয়েছে। ক্রেতার নাম আব্দুর রহমান। গ্রাম থেকে বেড়াতে এসে ল্যাপটপ মেলায় গিয়ে তিনি এই পুরস্কার জেতেন।
এ বিষয়ে স্টারটেক প্যাভিলিয়নে থাকা মোস্তাফিজুর রহমান রায়হান বলেন, এবারের ল্যাপটপ মেলা থেকে এইচপি ল্যাপটপ কিনে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশ ভাউচার অফারে আমাদের সম্মানিত ক্রেতা জিতেছেন ২০,০০০ টাকার ক্যাশ ভাউচার। তাকে ভাউচার হিসিবে প্রাইজবন্ড দেয়া হয়েছে।
পুরস্কার জয়ী আব্দুর রহমান বলেন, বলতে গেলে আমি বিনামূল্যেই ল্যাপটপ পেয়েছি। ২৩ হাজার টাকায় কেনার পর ২০ হাজার টাকা ক্যাশব্যাক আর বেশকিছু উপহার পেয়েছি। মেলায় এসে ল্যাপটপ কেনার এটাই আসল মজা। ল্যাপটপের দাম পড়েছে মাত্র ৩ হাজার টাকা।

এছাড়াও কম্পিউটার সোর্সের স্টল থেকে ২২ হাজার ৫০০ টাকার লেনেভো ল্যাপটপ কিনে ১৬,৫০০ টাকার একটি বাইসাইকেল জিতেছেন একজন ক্রেতা। স্টল থেকে প্রতিষ্ঠান বিজনেস ম্যানেজার সোহান খান দীপু জানান, শনিবার একই ব্র্যান্ডের ল্যাপটপ কিনে স্যান্ডউচ মেকার জিতেছেন হাফিজ নামের অপর ক্রেতা।
মেলায় ব্যবহারকারির চাহিদামত পাওয়া যাচ্ছে ল্যাপটপ। দামে নানা অংকের ছাড় দিয়েছেন বিক্রেতারা। আছে ব্যাংকের ইএমআই সুবিধাও। আসুস, ডেল, লেনেভো'র মত পরিচিত ব্র্যান্ড ছাড়াও মেলায় দেখা মিলবে দেশি ব্র্যান্ড ওয়ালটন। ল্যাপটপ, ডেস্কটপ ছাড়াও ওয়ালটন এনেছে নানা যন্ত্রাংশ।
ল্যাপটপ ছাড়াও সাউন্ড সিসটেম, মাউস, কি-বোর্ডসহ অন্যান্য যন্ত্রাংশ কেনার সুযোগ আছে মেলায়। এসব পণ্য কিনলেও পাওয়া যাবে নানা অংকের ছাড় ও উপহার।
দর্শানার্থীদের জন্য ৩০ টাকা প্রবেশ মূল্যে রাখা হলেও শিক্ষার্থী ও প্রতিবন্ধীরা প্রবেশ করতে পারবেন বিনামূল্য।